বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ
পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সফরে অংশ নেয় বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জন জুনিয়র শিক্ষার্থী।
সোমবার (৮ জুন) দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ। সফরের বিভিন্ন পর্যায়ে তিনি শিক্ষার্থীদের জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখান এবং সেগুলোর ইতিহাস, কার্যক্রম ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।
শিক্ষার্থীরা এদিন জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার, সংসদ অধিবেশন কক্ষ, নভোথিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘর পরিদর্শন করে।
সফরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল জাতীয় সংসদ ভবন পরিদর্শন। সেখানে শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়নের কেন্দ্র হিসেবে সংসদের কার্যক্রম সম্পর্কে জানতে পারে। সংসদ পাঠাগার ঘুরে দেখার পাশাপাশি তারা অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পায়, যা তাদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা।
এ ছাড়া নভোথিয়েটারে আধুনিক বিজ্ঞান ও মহাকাশবিষয়ক বিভিন্ন প্রদর্শনী উপভোগ করে শিক্ষার্থীরা। পরে বাংলাদেশ সামরিক জাদুঘরে গিয়ে দেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা, বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং বীরত্বগাথার নানা দিক সম্পর্কে জানার সুযোগ পায় তারা।
শিক্ষা সফর প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষ বা পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য বাস্তব অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জানুক এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক, এটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক। আগামী প্রজন্মকে সচেতন, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।
সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বই বা টেলিভিশনের মাধ্যমে দেখা অনেক গুরুত্বপূর্ণ স্থান এবার সরাসরি দেখার সুযোগ হয়েছে। জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর পরিদর্শনের মাধ্যমে তারা নতুন অনেক বিষয় জানতে পেরেছে। পুরো সফরে সংসদ সদস্য তাদের সঙ্গে থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও তারা উল্লেখ করে।
শিক্ষার্থীদের এই শিক্ষা সফরের প্রশংসা করে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একই সঙ্গে আনন্দদায়ক ও শিক্ষণীয়। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তারা নতুন স্বপ্ন দেখতে ও ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে অনুপ্রাণিত হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক
বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়
১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র
শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ভিপি বাবলু
নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন